বরাক তরঙ্গ, ২৯ জুলাই: অবশেষে ১৯ জুলাইয়ের প্রলয়ঙ্করী বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া টুটুমণি দুওরার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার তাঁর দেহ উদ্ধার হওয়ার মধ্য দিয়ে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর করুণ পরিণতি সামনে এলো। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চরাইদেউ জেলার অভয়পুরীয়া গ্রামসহ সমগ্র এলাকায়।
জানা গেছে, শিমলুগুড়ি থানার অন্তর্গত অভয়পুরীয়া গ্রামের বাসিন্দা টুটুমণি দুওরা ১৯ জুলাইয়ের ভয়াবহ বন্যার সময় প্রবল স্রোতে ভেসে নিখোঁজ হন। তাঁর সঙ্গে একই পরিবারের আরও তিন সদস্যও বন্যার জলে তলিয়ে যান। এর আগে বিদিশা দুওরা (৩০), বিদ্যুৎ দুওরা (৩৬) এবং বিপ্লব দুওরা (২৫)-এর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। বুধবার টুটুমণি দুওরার দেহ উদ্ধার হওয়ায় পরিবারের চার সদস্যেরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই গভীর রাতে আকস্মিক বন্যায় চরাইদেউ জেলার অভয়পুরীয়া গ্রাম প্লাবিত হয়। রোহিনী দুওরার বাড়িতেও দ্রুত বন্যার জল ঢুকে পড়ে। প্রাণ বাঁচাতে পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে নিরাপদ উঁচু স্থানে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রবল স্রোতের তোড়ে মা, মেয়ে এবং দুই ছেলে ভেসে যান।
দীর্ঘ কয়েকদিন ধরে তল্লাশি অভিযান চালানোর পর একে একে চারজনেরই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকাজুড়ে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



