বন্যায় মৃতদের ক্ষেত্রে পোস্টমর্টেম বাধ্যতামূলক নয়, মানবিক সিদ্ধান্ত হিমন্তর, মৃত বেড়ে ৭৫

Spread the news

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : উজান অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং বিভিন্ন জেলার জেলা কমিশনাররা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বন্যাজনিত কারণে মৃত ব্যক্তিদের ক্ষেত্রে আর বাধ্যতামূলকভাবে পোস্টমর্টেম করা হবে না। শোকাহত পরিবারের সদস্যদের অতিরিক্ত মানসিক কষ্ট থেকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়াও, বন্যায় নিহতদের পরিবারের জন্য অনুকম্পামূলক আর্থিক সহায়তা (এক্স-গ্রেশিয়া) দ্রুত পৌঁছে দিতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত অর্থ বিতরণের ওপরও জোর দেওয়া হয়েছে।

এদিকে, রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় বন্যা-সংক্রান্ত ঘটনায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। চলতি বর্ষা মৌসুমে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫-এ। বর্তমানে প্রায় ৩.৩২ লক্ষ মানুষ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত।

রাজ্য সরকার বন্যায় মৃতদের পরিবারের জন্য অনুকম্পামূলক আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৯ লক্ষ টাকা করেছে। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদানের নিয়মও আরও সহজ করা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, শিবসাগর, চরাইদেউ, গোলাঘাট, যোরহাট, নগাঁও, শোণিতপুর এবং কামরূপ মহানগর—এই সাতটি জেলা এখনও বন্যার কবলে রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ২১টি রাজস্ব চক্র এবং ৬২২টি গ্রাম। এর মধ্যে চরাইদেউ জেলায় সর্বাধিক ১.৪২ লক্ষ মানুষ বন্যাকবলিত। এছাড়া শিবসাগরে ৯৭,০৭৪ জন এবং যোরহাটে ৫৭,৩৭১ জন বন্যার প্রভাবে দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *