বরাক তরঙ্গ, ২৯ জুলাই : নির্মাণ ও ধ্বংসাবশেষ (সিঅ্যান্ডডি) বর্জ্য ব্যবস্থাপনা বিধি, ২০১৬ কঠোরভাবে কার্যকর করতে জনসাধারণের উদ্দেশ্যে নতুন নির্দেশিকা জারি করেছে শিলচর পুর নিগম। নিগমের আওতাধীন এলাকার সমস্ত গৃহস্থালি, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঠিকাদার এবং নির্মাণ সংস্থাকে এই বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
পুর নিগমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনসাধারণের রাস্তা, ফুটপাত, নালা কিংবা খোলা জায়গায় বালি, ইট, কংক্রিট, ধ্বংসাবশেষ বা অন্য কোনও নির্মাণ বর্জ্য ফেলা কিংবা মজুত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ড জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার পাশাপাশি পরিবেশ দূষণ এবং নগর পরিচ্ছন্নতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে পুর নিগম। কোনও ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান অবৈধভাবে নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য ফেললে বা মজুত করলে সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করা, জরিমানা আরোপ এবং অসম মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন, ২০২২-এর ২৫৪ ধারার অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাগরিক ও নির্মাণ সংস্থাগুলিকে শিলচর পুর নিগমের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে সমন্বয় রেখে শুধুমাত্র অনুমোদিত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে নির্মাণ বর্জ্য নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে শহরের পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে পুর নিগম। নির্মাণ ও ধ্বংসাবশেষ বর্জ্য সংগ্রহ ও নিষ্পত্তি সংক্রান্ত তথ্যের জন্য আরবান টেকনিক্যাল অফিসার দীপক কুমার পাওরেল (মোবাইল: ৯৬১৩১২০০৩৪) এবং সিটি প্রজেক্ট অফিসার (এসবিএম-ইউ) রাজীব চন্দার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।



