বরাক তরঙ্গ, ২৯ জুলাই : সীমান্ত এলাকায় মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল ডিউটির সময় শ্রীমন্তপুর সীমান্ত সড়কের ইউএনসি নগর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩০.৮০০ কেজি শুকনো গাঁজা এবং ৫০ বোতল এসকাপ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্যের কোনও দাবিদার না পাওয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলিকে বেওয়ারিশ মালামাল হিসেবে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা ও কফ সিরাপের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত পাচারচক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজা ও কফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষের বেশি। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।



