হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে ওমানের প্রস্তাব নাকচ ইরানের

Spread the news

২৯ জুলাই : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে প্রণালির ওমান অংশের ট্রানজিট রুটের একটি অংশও নিজেদের নিয়ন্ত্রণে রাখার নতুন প্রস্তাব দিয়েছে তেহরান। সমঝোতা না হলে হরমুজ প্রণালি বন্ধ রাখারও হুঁশিয়ারি দিয়েছে দেশটি। খবর আল-জাজিরা, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও তাসনিম নিউজ এজেন্সির।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওমান প্রস্তাব দিয়েছিল—হরমুজ প্রণালির আন্তর্জাতিক নৌপথ এমনভাবে নির্ধারণ করা হবে, যাতে এর ৫০ শতাংশ ইরানের আঞ্চলিক জলসীমা এবং বাকি ৫০ শতাংশ ওমানের জলসীমার মধ্যে থাকে। কিন্তু তেহরান এ প্রস্তাব গ্রহণ করেনি।

ঘারিবাবাদি বলেন, ইরানের প্রস্তাব হলো—প্রণালির ট্রানজিট করিডরের একটি অংশ ইরানের আঞ্চলিক জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশেরও নির্দিষ্ট নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে। তার ভাষায়, এই ব্যবস্থা নৌপথের নিরাপত্তা ও কার্যকর ব্যবস্থাপনার জন্য প্রয়োজন।

তিনি আরও বলেন, যদি ওমান এ প্রস্তাবে সম্মত না হয়, তাহলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা কঠিন হবে। প্রয়োজনে প্রণালিটি বন্ধ রাখার সিদ্ধান্তও বহাল থাকবে বলে ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই প্রণালিতে যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজার, তেলের দাম এবং বৈশ্বিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *