২৮ জুলাই : দুর্ঘটনার কবলে পড়ল অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের বাস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্দেরবল জেলায়। জানা গিয়েছে, প্রায় ৫০ জন পুণ্যার্থীবোঝাই বাসটি এদিন সকালে বালতাল বেস ক্যাম্প থেকে শ্রীনগর যাচ্ছিল। সেই সময় সোনমার্গ সড়কে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী, চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে প্রায় ২০-২৫ মিটার নীচে রাস্তার ধারের একটি বাড়ির ছাদের গিয়ে সোজা ধাক্কা মারে। এই দুর্ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী সামান্য আহত হয়েছেন। তবে স্বস্তির বিষয় যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও সেটিই বাসটিকে আরও বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছে। কারণ বাড়িটি না থাকলে পুণ্যার্থীবোঝাই বাসটি সোজা গিয়ে সিন্ধু নদে পড়ে যেত।
এদিকে, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধারকাজে নেমে পড়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি), সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু-কাশ্মীর পুলিশ। আইটিবিপির চিকিৎসকরা ঘটনাস্থলেই আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর দ্রুত আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সাহসিকতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করেন। যাত্রীদের নিরাপদ অপসারণ, চিকিৎসা নিশ্চিত করা ছাড়াও ওই এলাকার ভিড় নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখার কাজটি দক্ষতার সঙ্গে সম্পন্ন করেন তাঁরা। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



