‘ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়’ আখ্যা, শিলচর ও শ্রীভূমিতে এআইডিএসও-র বিজয় মিছিল

Spread the news

বরাক তরঙ্গ, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের ‘ঐতিহাসিক বিজয়’ বলে দাবি করে রবিবার শিলচর ও শ্রীভূমিতে বিজয় মিছিলের আয়োজন করে এআইডিএসও। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দীর্ঘদিনের ছাত্র-যুব আন্দোলনের ফল। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বিলুপ্তি, জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রত্যাহার, প্রশ্নপত্র ফাঁসের স্থায়ী সমাধান, সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।

শ্রীভূমিতে এআইডিএসও-র জেলা কমিটির উদ্যোগে বিকেলে ফায়ার ব্রিগেড চত্বর থেকে একটি বিজয় মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে রবীন্দ্র মূর্তির পাদদেশে গিয়ে শেষ হয়। মিছিলে ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী, সংগঠনের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে এআইডিএসও-র করিমগঞ্জ জেলা সম্পাদক সঞ্চিতা শুক্ল বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাত্র-যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তাঁর বক্তব্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশেষ করে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে এবং এই ঘটনার প্রতিবাদ থেকেই বৃহত্তর ছাত্র আন্দোলনের বিস্তার ঘটে।

অন্যদিকে, শিলচরেও এআইডিএসও, এআইডিওয়াইও এবং এআইএমএসএস-এর কাছাড় জেলা কমিটির যৌথ উদ্যোগে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। উকিলপট্টির জেলা কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে পৌঁছে সমাবেশে পরিণত হয়। সেখানে বক্তব্য রাখেন এআইডিএসও-র আসাম রাজ্য কাউন্সিলের যুগ্ম সম্পাদক ও কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য।

তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাত্র-যুবসমাজের ঐক্যবদ্ধ ও আপসহীন সংগ্রামের ফল। এই আন্দোলন প্রমাণ করেছে যে, সংগঠিত গণআন্দোলনের সামনে সরকারকেও জনমতের প্রতি গুরুত্ব দিতে হয়। পাশাপাশি তিনি এনটিএ বিলুপ্তি, জাতীয় শিক্ষানীতি-২০২০ প্রত্যাহার, সরকারি শিক্ষা ব্যবস্থার সুরক্ষা, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দুই জেলাতেই সংগঠনের নেতারা দেশজুড়ে ছাত্র-যুবসমাজকে শিক্ষা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানান। তাঁদের দাবি, সংগঠিত ও শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়মের স্থায়ী সমাধান সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *