শিলচর বাইপাসে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার, সন্দেহ ‘হিট অ্যান্ড রান’

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই :
শিলচরের ঘুংগুর বাইপাসে রক্তাক্ত এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়। পাশে পড়ে রয়েছে তার বাইকও। জানা গেছে, নিহত যুবকের বাড়ি শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর এলাকার শিবটিলা গ্রামের বুদ্ধ ধর।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাস্তার ওপর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী দ্রুত ট্রাফিক বিভাগ ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ট্রাফিক বিভাগের কর্মী এবং শিলচর সদর থানার ওসি, ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টের ইনচার্জ, ঘুংগুর আউটপোস্টের ইনচার্জ-সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে নিহতের পরিবারের সদস্যদের ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরাও কীভাবে ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তবে পুলিশের প্রাথমিক অনুমান, কোনও অজ্ঞাতপরিচয় দ্রুতগতির গাড়ি যুবকটিকে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাটিকে হিট-অ্যান্ড-রান মামলা হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত গাড়ি ও চালকের সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *