বরাক তরঙ্গ, ১৩ জুলাই: মণিপুরে স্থায়ী শান্তি, সামাজিক সম্প্রীতি এবং সম্প্রদায়ভিত্তিক ঐক্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে তামেংলং জেলার কাইমাই এলাকায় মহিলা নেত্রীদের নিয়ে একটি সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) বৈঠকের আয়োজন করেছে আসাম রাইফেলস।
আলোচনায় নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিশ্চিত করা, গুজব ও ভুয়ো তথ্যের বিস্তার রোধ, সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে সময়মতো তথ্য আদান-প্রদান এবং নিরাপত্তা বাহিনী, গ্রাম কর্তৃপক্ষ ও মহিলা সিএসওগুলির মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি, উপস্থিত মহিলা নেত্রীদের শান্তির দূত হিসেবে কাজ করতে এবং যুব সমাজকে ইতিবাচক ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

এই বৈঠকে কাইমাই, টোলেন এবং মাওকোট গ্রামের মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পুনর্মিলন এবং তৃণমূল স্তরে শান্তি প্রতিষ্ঠায় মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আসাম রাইফেলসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মহিলা নেত্রীরা শান্তি, সামাজিক ঐক্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



