এএসআরএলএম ক্যাডারদের বিক্ষোভ শিলচরে, মাসিক নির্দিষ্ট বেতন চালুর জোর দাবি

Spread the news

বিশ্বজিৎ আচার্য ও রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই :
অসম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন (এএসআরএলএম)-এর কাছাড় জেলা ক্যাডাররা মাসিক নির্দিষ্ট বেতন চালুসহ ১৩ দফা দাবিতে রাজ্য মিশন ডিরেক্টরের উদ্দেশে একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

স্মারকলিপিতে ক্যাডাররা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাঁরা গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী গঠন, জীবিকা উন্নয়ন, নারী স্বনির্ভরতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু এতদিন পরও তাঁদের জন্য কোনো নির্দিষ্ট মাসিক বেতন কাঠামো চালু করা হয়নি। ফলে অনিশ্চিত পারিশ্রমিকের ওপর নির্ভর করেই দায়িত্ব পালন করতে হচ্ছে, যা তাঁদের আর্থিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে।

স্মারকলিপিতে দ্রুত নির্দিষ্ট মাসিক বেতন চালু, সময়মতো সম্মানী প্রদান, মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পারিশ্রমিক বৃদ্ধি, ডেটা এন্ট্রির কাজে নিয়োজিত কর্মীদের জন্য ল্যাপটপ বা ট্যাব সরবরাহ, স্কুটির বিমা নবীকরণ, ভ্রমণ ভাতা বৃদ্ধি, স্বাস্থ্যবিমা ও সামাজিক সুরক্ষার আওতায় আনা, অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, মোবাইল ডেটা ভাতা বৃদ্ধি এবং সরকারি ছুটির দিনে অতিরিক্ত কাজের চাপ না দেওয়াসহ মোট ১৩ দফা দাবি উত্থাপন করা হয়েছে।

ক্যাডারদের বক্তব্য, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাঁদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত হয়নি। দাবি পূরণ হলে কর্মীদের কর্মপরিবেশ উন্নত হবে এবং এএসআরএলএম-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প আরও দক্ষতা ও কার্যকারিতার সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এখন রাজ্য মিশন কর্তৃপক্ষ ক্যাডারদের এই ১৩ দফা দাবির বিষয়ে কী সিদ্ধান্ত গ্রহণ করে, সেদিকেই নজর রয়েছে অসমজুড়ে কর্মরত হাজার হাজার এএসআরএলএম ক্যাডারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *