জল ভেবে সিল করা বোতল থেকে অ্যাসিড পান, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মহিলা

Spread the news


১২ জুলাই : উত্তরপ্রদেশের হাপুর জেলার অর্জুন নগরে জল ভেবে ভুলবশত সিল করা বোতল থেকে অ্যাসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক মহিলা। শুক্রবার সন্ধ্যায় গয়নার একটি দোকানে ঘটনাটি ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে রবিবার। পুরো ঘটনাই দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ওই মহিলা অর্জুন নগরের একটি গয়নার দোকানে কেনাকাটা করতে গিয়ে কর্মচারীদের কাছে পানীয় জল চান। এরপর দোকানের এক কর্মী পাশের একটি মুদি দোকান থেকে সিল করা জলের বোতল কিনে আনেন। মুদি দোকানদার ফ্রিজ থেকে বোতলটি বের করে দিলেও, সেটির ভেতরে পানির বদলে অ্যাসিড ছিল— যা তখন কেউই বুঝতে পারেননি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোতলের মুখ খুলে এক ঢোক পান করার সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই মহিলা। দ্রুত দোকান থেকে বাইরে বেরিয়ে এসে মুখের ভেতরের তরল ফেলে দেন। অ্যাসিডের তীব্রতায় তাঁর মুখ ও মুখগহ্বরের একটি অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।

পরে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর মুদি দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তাঁর দাবি, বোতলটি সম্পূর্ণ সিল করা ছিল এবং কোম্পানি থেকে যেভাবে এসেছে, সেভাবেই তিনি বিক্রি করেছেন। গয়নার দোকানের মালিকও জানিয়েছেন, সিল করা বোতলটি কেনার পর কোনো পরিবর্তন ছাড়াই মহিলার হাতে তুলে দেওয়া হয়েছিল।

পুলিশ মুদি দোকান থেকে বেশ কয়েকটি অ্যাসিডভর্তি বোতল বাজেয়াপ্ত করেছে। কীভাবে একটি সিল করা জলের বোতলে অ্যাসিড পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *