বাংলা সাহিত্য সভার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ১৪ জুলাই গুয়াহাটিতে

Spread the news

বরাক তরঙ্গ, ১২ জুলাই : বরাক-ব্রহ্মপুত্র উপত্যকার সর্বোচ্চ সাহিত্য ও সাংস্কৃতিক মঞ্চ ‘বাংলা সাহিত্য সভা, অসম’ জাতীয় পরিধিতে তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ১৪ জুলাই ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালন করবে। রাজ্যের আঠারোটি শাখা, জেলা ও আঞ্চলিক শাখার উদ্যোগে সমগ্র অসম জুড়ে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হবে; তবে কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে গুয়াহাটী মহানগরের ঐতিহ্যবাহী সাউথ পয়েন্ট স্কুলের প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৬টায়। কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু। বিশিষ্ট অতিথি হিসেবে আমন্ত্রিত রয়েছেন ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের অধ্যক্ষ ও হোজাইর বিধায়ক শিলাদিত্য দেব, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়, উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালা, পদ্মশ্রী অজয় দত্ত, হাইলাকান্দির বিধায়ক মিলন দাস প্রমুখ সমাজ-সাহিত্যিক এবং জননেতা।

অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা জানানো হবে সভার মূল সংবিধান প্রণেতা ও বিশিষ্ট লেখক দেবব্রত রায়চৌধুরীর আশিবছর পূর্তি উপলক্ষে। তদুপরি, সভার মুখ্য উপদেষ্টা ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তিত্ব পদ্মশ্রী অজয় দত্তকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সম্মাননা প্রদান করা হবে।

সভা সম্পর্কে গণমাধ্যমে মন্তব্য করে ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর রাজ্যিক সাধারণ সম্পাদক ড. প্রশান্ত চক্রবর্তী বলেন, “আমাদের বাংলা সাহিত্য সভা অসমের দু’টি উপত্যকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের দ্বারা পরিচালিত; এটি রাজ্যের বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং ইতোমধ্যে অসম সরকারের স্বীকৃতি লাভ করেছে। আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশগ্রহণ করুক। তাই সবার আমন্ত্রণ।”

কেন্দ্রীয় গোষ্ঠীর পাশাপাশি আঞ্চলিক শাখাগুলোও স্থানীয় পাঠচক্র, কবিতা ও গল্প পাঠ, শিশু ও কিশোরদের প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশন ও আলোচনা সভা ইত্যাদি আয়োজন করেছে। প্রবেশ অবাধ রাখা হয়েছে, সকল সাহিত্য-সাংস্কৃতিক অনুরাগী এবং সাধারণ জনতা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *