চা-বাগানের জঙ্গল থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ জুলাই : কৈলাসহর মহকুমার হীরাছড়া এডিসি ভিলেজ এলাকায় একটি চা বাগানের গভীর জঙ্গল থেকে শনিবার সকালে দশম শ্রেণির এক ছাত্রীর মরদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম জোবাইদা বেগম বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে দাবি, ঘটনার আগের দিন ওই তরুণীকে এক যুবকের সঙ্গে বের হতে দেখা গিয়েছিল। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে ঘটেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ দিকে, জোবাইদার মা জানান, পরীক্ষা রয়েছে বলে স্কুলের উদ্দেশ্যে বের হয়। এরপর ঘরে আর না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে কোনও সন্ধান না পাওয়ায় ইরানি থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন পরিবারের লোকরা। তিনি এও জানান, স্কুলে যাওয়ার আগে সকালে কয়েকজন সঙ্গী তাকে বার কয়েক ফোনও করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *