বরাক তরঙ্গ, ১০ জুলাই: ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে ফুটবল উন্মাদনায় এবার সামিল বরাক উপত্যকাও। বৃহস্পতিবার শিলচরের জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর ফিফা ফ্যান পার্কের। উদ্বোধনের প্রথম দিনেই বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর সমাগমে কানায় কানায় ভরে ওঠে ফ্যান পার্ক। আসন পূর্ণ হয়ে যাওয়ার পরও বহু দর্শক দাঁড়িয়ে ম্যাচ উপভোগ করেন। বিশ্বকাপের আবহে মুখর হয়ে ওঠে গোটা স্টেডিয়াম।
অসম পর্যটন উন্নয়ন নিগম (এটিডিসি) এবং কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই ফ্যান পার্কে বিশাল এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। উদ্বোধনের দিন দর্শকদের প্রধান আকর্ষণ ছিল ফ্রান্স ও মরক্কোর মধ্যকার কোয়ার্টার ফাইনাল। ম্যাচের প্রতিটি মুহূর্তে করতালি, শিস ও প্রিয় দলের সমর্থনে দর্শকদের উচ্ছ্বাসে প্রাণবন্ত হয়ে ওঠে ডিএসএ স্টেডিয়াম। উপস্থিত অনেকের মতে, আন্তর্জাতিক স্টেডিয়ামের আবহই যেন ধরা পড়েছিল শিলচরে।
ফ্যান পার্কের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। তিনি বলেন, বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা, অধ্যবসায় ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। ফুটবল এমন একটি খেলা, যা ভাষা, ধর্ম, জাতীয়তা ও ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে বিশ্বের কোটি কোটি মানুষকে একসূত্রে বাঁধে।
যুব সমাজের উদ্দেশে তিনি বলেন, মাঠে যেমন কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জিত হয়, তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রেও এই মূল্যবোধ সমানভাবে প্রযোজ্য। তরুণ প্রজন্মকে সেই শিক্ষা গ্রহণের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ চলাকালীন দর্শকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে খেলা দেখানোর জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা, আলোকসজ্জা, নিরাপত্তা এবং জনসমাগম নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বরা (এসিএস), সহকারী আয়ুক্ত অরুণাভ চৌধুরী (এসিএস), জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সদৌ অসম জেলা প্রশাসন কর্মচারি সংঘের কাছাড় জেলা শাখার সহকারী নাজির ও সম্পাদক বিকাশ দত্ত, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী।
বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন ডিএসএ স্টেডিয়ামের ফ্যান পার্কে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির সরাসরি সম্প্রচার করা হবে। প্রশাসনের আশা, এই উদ্যোগ বিশ্বকাপ উপভোগের পাশাপাশি বরাক উপত্যকায় ফুটবল ও ক্রীড়া সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয়, শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।



