মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১০ জুলাই : মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে বড় সাফল্য পেল শ্রীভূমি সদর পুলিশ। গোপন সূত্রে পাওয়া নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই সন্দেহভাজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শ্রীভূমি সদর থানার একটি বিশেষ দল গোপন খবরের ভিত্তিতে শহর সংলগ্ন শরীফনগর এলাকার জাতীয় সড়কে নজরদারি শুরু করে। খবর ছিল, দুই ব্যক্তি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক নিয়ে ওই এলাকা দিয়ে হেঁটে যাওয়ার পরিকল্পনা করেছে। তথ্যের সত্যতা যাচাই করতে পুলিশ কৌশলগতভাবে এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহজনকভাবে হেঁটে যাওয়া দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়। তাঁদের বহন করা ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সঙ্গে সঙ্গেই মাদকগুলি জব্দ করা হয় এবং দুই যুবককে আটক করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
ধৃতদের পরিচয় মহিত আহমদ ও অসিত পাল বলে জানা গেছে। তাঁদের দু’জনেরই বাড়ি শ্রীভূমি জেলায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা হতে পারে। তবে মাদকের প্রকৃত উৎস, সরবরাহ চক্র এবং সম্ভাব্য গন্তব্য সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।



