বরাক তরঙ্গ, ১০ জুলাই : ত্রিপুরার খোয়াই জেলার রাধানগর স্ট্যান্ড এলাকা থেকে চারজন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় যাচাই এবং তারা কীভাবে ভারতে প্রবেশ করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, আটক ব্যক্তিদের কাছ থেকে কোনও জাল ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র বা আধার কার্ড উদ্ধার হয়েছে কি না। তবে সাম্প্রতিক সময়ে ত্রিপুরার বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিক আটক হওয়ার ঘটনায় একাধিকবার ভুয়ো ভারতীয় পরিচয়পত্র উদ্ধারের অভিযোগ সামনে এসেছে। এই প্রেক্ষাপটে সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশকারীদের জন্য জাল নথি তৈরির সম্ভাব্য চক্র নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
অভিযোগ অনুযায়ী, অবৈধভাবে ভারতে প্রবেশের পর কিছু অনুপ্রবেশকারীর হাতে ভুয়ো ভোটার পরিচয়পত্র, জন্ম শংসাপত্র এবং আধার কার্ড পৌঁছে যাচ্ছে। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি।
বাংলাদেশ সীমান্তসংলগ্ন খোয়াই এলাকায় অনুপ্রবেশ ও মানব পাচারের অভিযোগ নতুন নয়। শুক্রবার চারজনকে আটক করার ঘটনার পর ধৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে মানব পাচার এবং জাল নথি তৈরির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



