শমীক ভট্টাচার্যের মন্তব্যের প্রতিবাদে শিলচরে এআইডিএসও-র বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুলাই : বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এক মন্তব্যের প্রতিবাদে শুক্রবার শিলচরের রাঙ্গিরখাড়স্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর কাছাড় জেলা কমিটি।
সংগঠনের দাবি, সম্প্রতি হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শমীক ভট্টাচার্য ১৯৪০ সালের মহম্মদ আলি পার্কের একটি নির্বাচনী জনসভার প্রসঙ্গ টেনে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লকের সদস্যদের ‘গুণ্ডা’ বলে মন্তব্য করেন। এআইডিএসও-র অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে নেতাজি সুভাষচন্দ্র বসুকেই অবমাননা করা হয়েছে।

বিক্ষোভসভায় সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন স্বাধীনতা সংগ্রামকে শক্তিশালী করতে নেতাজি সুভাষচন্দ্র বসু ১৯৪০ সালে রামগড় কংগ্রেস অধিবেশনে লেফ্ট কনসোলিডেশন গঠনের আহ্বান জানান এবং পরবর্তীতে তাঁর নেতৃত্বেই ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হয়। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিকৃত করে ফরওয়ার্ড ব্লকের কর্মীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করে সংগঠন।

এআইডিএসও আরও দাবি করে, রবীন্দ্রনাথ ঠাকুর যাঁকে ‘দেশনায়ক’ আখ্যা দিয়েছিলেন, সেই নেতাজিকে অসম্মান করা স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই কলুষিত করার সামিল। সংগঠনের বক্তব্য, তৎকালীন সময়ে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে নেতাজি ধর্মনিরপেক্ষতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। একইসঙ্গে তারা অভিযোগ করে, ভারত ছাড়ো আন্দোলনের সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান ছিল ভিন্ন। সেই প্রেক্ষাপটে শমীক ভট্টাচার্যের বর্তমান মন্তব্যকে স্বাধীনতা সংগ্রামের বিপ্লবীদের প্রতি অসম্মানজনক বলে অভিহিত করে সংগঠন তাঁর নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানায়।

এআইডিএসও-র জেলা সহ-সভাপতি পল্লব ভট্টাচার্য জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক অনুগামীদের সম্পর্কে করা মন্তব্যের প্রতিবাদে সংগঠনের আসাম রাজ্য কাউন্সিল ৯ ও ১০ জুলাই রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবেই শিলচরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তিনি ছাত্রসমাজকে নেতাজির অবমাননার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসও-র জেলা সম্পাদক স্বপন চৌধুরী, জেলা কমিটির সদস্য রীতা বাগতি-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *