পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জালনোট চক্রের দুই সদস্য

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুলাই : লখিমপুরে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হয়েছে জালনোট পাচারচক্রের দুই অভিযুক্ত। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশি অভিযানের সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তের স্বার্থে লুকিয়ে রাখা জালনোট উদ্ধারে দুই অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় তারা পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

পুলিশের গুলিতে মতিবুর রহমান ও মকসিদুল আলম নামে দুই অভিযুক্তের পায়ে গুলি লাগে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ জানিয়েছে, ধৃত দুই অভিযুক্ত জালনোট পাচারচক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। লুকিয়ে রাখা জালনোট উদ্ধারের উদ্দেশ্যেই তাদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। তবে সুযোগ বুঝে তারা পালানোর চেষ্টা করলে এই এনকাউন্টারের ঘটনা ঘটে।

উল্লেখ্য, একদিন আগেই জালনোট পাচারের অভিযোগে মতিবুর রহমান ও মকসিদুল আলমকে গ্রেপ্তার করেছিল লখিমপুর পুলিশ। ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জালনোট পাচারচক্রের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *