বরাক তরঙ্গ, ৯ জুলাই : মিজোরামে টানা ভারী বৃষ্টিপাতের জেরে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়েছে। বুধবার রাত থেকে দুই নদীতেই জল বাড়তে থাকায় জেলার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
ওয়াটার কমিশনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ধলেশ্বরী নদীর ঘাড়মুরা ঘাটে জলস্তর ছিল ২৯.৬৫ মিটার। রাত ৮টায় তা বেড়ে ২৯.৬৬ মিটারে পৌঁছায়। বর্তমানে নদীটি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উল্লেখ্য, ঘাড়মুরা ঘাটে ধলেশ্বরী নদীর বিপদসীমা ২৮.০৫ মিটার।
অন্যদিকে কাটাখাল নদীর মাটিজুরি ঘাটেও জলস্তর উদ্বেগজনক হারে বাড়ছে। সন্ধ্যা ৭টায় সেখানে জলস্তর ছিল ২০.৮১ মিটার, যা রাত ৮টায় বেড়ে ২০.৮৭ মিটারে পৌঁছেছে। অর্থাৎ মাত্র এক ঘণ্টায় ৬ সেন্টিমিটার জল বৃদ্ধি পেয়েছে। মাটিজুরি ঘাটে কাটাখাল নদীর বিপদসীমা ২০.২৭ মিটার।
দুই নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলা প্রশাসন সতর্কতা জারি করেছে। জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে বাসিন্দাদের নদীতে নেমে কাঠ, বাঁশ বা মাছ ধরতে না যাওয়ার, বৈদ্যুতিক লাইনের নিচে অবস্থান না করার এবং প্রয়োজন ছাড়া নদীর তীরবর্তী এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।



