বরাক তরঙ্গ, ৮ জুলাই : মিজোরামের রাজধানী আইজলে বুধবার দুপুরে চানমারি থেকে রামহ্লুনগামী প্রধান সড়কে আকস্মিক ভূমিধসের ঘটনা ঘটেছে। কাস্টমস অফিসের নিচের দিকের পাহাড়ি ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি ধসে পড়ায় সড়কটি সম্পূর্ণভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
ভূমিধসের কারণে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়। তবে স্বস্তির বিষয়, এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কোনো বড় ধরনের সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে প্রশাসন জানিয়েছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। ধসে পড়া মাটি সরিয়ে সড়কটি পুনরায় যান চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সড়কটি স্বাভাবিক করার চেষ্টা চলছে।



