বরাক তরঙ্গ, ৮ জুলাই : বনমহোৎসব সপ্তাহের সমাপ্তি উপলক্ষে রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের উদ্যোগে মঙ্গলবার রামকৃষ্ণনগর ভাইকিং ক্লাবের কার্যালয়ে এক সচেতনতামূলক সভা, বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীভূমি সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশনের ডিএফও দিব্যজ্যোতি নাথ।
সভায় বন ও পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং রোপিত চারার যথাযথ পরিচর্যার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে আগর, জাম, অ্যাকেশিয়া, দেবদারু, বহেরা-সহ বিভিন্ন প্রজাতির চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই সঙ্গে ভাইকিং ক্লাব প্রাঙ্গণে দেবদারুর চারা রোপণের মাধ্যমে সবুজায়নের বার্তা তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ডিএফও দিব্যজ্যোতি নাথ, রেঞ্জ অফিসার মিতা দাসপুরকায়স্থ, ভাইকিং ক্লাবের সভাপতি সন্দীপ দত্ত, সদস্য রাজন দত্ত চৌধুরী ও সমীর দাস। এছাড়াও বনকর্মী ফারুক আহমেদ লস্কর, নিজাম উদ্দিন, গৌরব সাংমা-সহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।
এদিন বিকেল তিনটায় রাজ্যব্যাপী বনমহোৎসব সমাপ্তি অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জ অফিস প্রাঙ্গণেও পৃথক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ডিএফও দিব্যজ্যোতি নাথ। রেঞ্জের আধিকারিক ও বনকর্মীরাও এতে অংশ নেন।

উল্লেখ্য, বনমহোৎসব উপলক্ষে গত ১ জুলাই থেকে এক সপ্তাহ ধরে রামকৃষ্ণনগর সোশ্যাল ফরেস্ট্রি রেঞ্জের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর এবং জনবহুল এলাকায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারা বিতরণ কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয়। বনমহোৎসব সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা সাধারণ মানুষের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা হয়।



