নিলামবাজার কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবিতে বিধানসভায় সরব আমিনুর রশিদ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৭ জুলাই:
দক্ষিণ করিমগঞ্জের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নিলামবাজার কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবি জোরালোভাবে উত্থাপন করলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। মঙ্গলবার আসাম বিধানসভার অধিবেশনে তিনি কলেজটির সার্বিক উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

বিধায়ক বলেন, নিলামবাজার কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ না থাকায় দক্ষিণ করিমগঞ্জের বহু শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি কিংবা রাজ্যের অন্যান্য এলাকায় যেতে বাধ্য হচ্ছে। এর ফলে অভিভাবকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে এবং অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক ও যোগাযোগজনিত সমস্যার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কাছে বিষয়টি উত্থাপন করে আমিনুর রশিদ চৌধুরী জানান, শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক অধিকার। তাই দক্ষিণ করিমগঞ্জের ছাত্রছাত্রীদের নিজ এলাকাতেই মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিলামবাজার কলেজে দ্রুত বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালু করা জরুরি।

সরকারের পক্ষ থেকে প্রশ্নের আনুষ্ঠানিক উত্তর দেওয়া হলেও বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন, শুধুমাত্র আশ্বাসে তিনি সন্তুষ্ট নন। দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তিনি বিষয়টি ধারাবাহিকভাবে অনুসরণ করবেন এবং প্রয়োজনে পুনরায় বিধানসভায় উত্থাপন করবেন।

এদিকে, বিধানসভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর দক্ষিণ করিমগঞ্জের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষামহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়দের আশা, নিলামবাজার কলেজে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর পাশাপাশি আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, গ্রন্থাগার ও ডিজিটাল শিক্ষার পরিকাঠামো গড়ে তোলা হলে গোটা অঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *