দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৬ জুলাই : মুদি দোকানের সামগ্রীর নিচে করে সার পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল লরি। অসম-মিজোরাম সীমান্তের লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের চেকিং অভিযানে ধরা পড়ে লরি। লরি থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। মোট ১৬০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার নিয়মিত চেকিং চলাকালে ধলাই থানার অধীন লায়লাপুরে AS11FC2926-এর একটি গাড়িকে আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে অন্যান্য মুদিখানার সামগ্রীর নিচে কৌশলে লুকিয়ে রাখা মোট ১৬০ বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতি বস্তা ৪৫.১২৮ কেজি ওজনের বলে জানা যায়।
লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের ইনচার্জ শুভজিৎ দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার হওয়া ইউরিয়া সার এবং ব্যবহৃত গাড়িটি আইনানুগভাবে বাজেয়াপ্ত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।



