বরাক তরঙ্গ, ৭ জুলাই : রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের আর্থিক সহযোগিতায় রামকৃষ্ণ মিশন শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে নির্মিত মহিলা শৌচাগার ও স্যানিটারি প্রকল্পের উদ্বোধন হল মঙ্গলবার। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দ মহারাজ ফিতা কেটে প্রকল্পের উদ্বোধন করেন। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলার সভাপতি অনিল দাসের পৌরহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সম্পাদক রসরাজ দাস সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন।
এদিন রসরাজবাবু বলেন, রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের আন্তরিক সহযোগিতায় আমরা এখানে মহিলা শৌচাগার ও স্যানিটারী প্রকল্পের বাস্তব রূপ দিতে পেরেছি। রামকৃষ্ণ মিশন চত্বরে এধরণের সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য তিনি রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আরও বলেন গণধীশানন্দজি মহারাজের আন্তরিক প্রচেষ্টায় রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলাতে বেলুড় মঠ থেকে নিয়ে আসা ‘গদাধর প্রকল্প’ চলছে। যেখানে ১২০ জন ছাত্রছাত্রীদের জন্য ফ্রি কোচিং, পড়াশোনা, খাওয়া দাওয়া সবকিছু বহন করছে রামকৃষ্ণ মিশন। গত মে মাস থেকেই প্রকল্পের সূচনা হয়েছে বলে জানান রসরাজ দাস।

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দ মহারাজ বলেন, আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিক দিক দিয়ে যত উন্নত ছিল, জনসভ্যতার দিক দিয়ে ছিল তত অনুন্নত। পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসনে যেভাবে দেশ অনেক পিছিয়ে ছিল ঠিক তদ্রূপ স্বাধীনতার পরও কিন্তু ভারতবর্ষের তেমন উন্নতি হয়নি। ২০১৪ সালে যখন ভারতবর্ষে নরেন্দ্র মোদির নেতৃত্বে একটি শক্তিশালী সরকার গঠিত হয় তারপর থেকেই দেশের উন্নয়নের জয়যাত্রা আরম্ভ হয়। ভারতবর্ষে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শৌচালয় নির্মাণে অভূতপূর্ব সফলতা আসে। বিশেষ করে মহিলাদের সম্মান ও সুরক্ষায় দেশের প্রতিটি গ্রামেগঞ্জে, স্কুল, কলেজে শৌচাগার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ফলে দেশে কোটি কোটি শৌচালয় নির্মাণ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সম্মান জানিয়ে রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ড রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলকুড়ি চাতলা ক্যাম্পাসে মহিলাদের জন্য শৌচাগার নির্মাণের যে উদ্যোগ গ্রহণ করে তারজন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানান মহারাজ। তিনি বলেন, এখানে শৌচালয় নির্মাণ হওয়ায় আক্ষরিক অর্থে লাভবান হবেন ট্রেনিং নিতে আসা মহিলা প্রশিক্ষার্থীরা।
এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্রিনল্যান্ডের বর্তমান সভাপতি সন্দীপ সিং ওয়ালিয়া, প্রাক্তন সভাপতি ঈশান পাটোয়া, কনস্ট্রাকশন কমিটির চেয়ারম্যান সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী, পিএইচই-র অবসরপ্রাপ্ত অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার স্বপন রায়, সমাজসেবী অমিয় পাল সহ অন্যান্যরা।



