বরাক তরঙ্গ, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোয়াইরপোয়া ব্লকের খাগড়াবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়াপুঞ্জস্থিত লঙ্গাই ভ্যালি ইংলিশ স্কুলে বৃহস্পতিবার এক সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সকাল প্রায় ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার সূচনায় প্রধান শিক্ষক বুমজাম ঙির হালাম বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষায় প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য বুমা হালাম পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ অপরিহার্য। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পরিহার করা সময়ের দাবি। তিনি শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছ লাগিয়ে সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।
বক্তারা পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেন, বৃক্ষ ছেদন নয়, বরং বৃক্ষরোপণই হোক সকলের অঙ্গীকার। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হুইধির ঙুল হালামসহ অন্যান্য সদস্য এবং সহকারী শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষপর্বে শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালন সমিতির সদস্যদের যৌথ উদ্যোগে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির মূল্যবান বৃক্ষের চারা রোপণ করা হয়। সবুজায়নের এই উদ্যোগ উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া জাগায়।



