রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহিত

Spread the news

৭ জুলাই : রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে সোমবার প্রথম বৈঠক করল অযোধ্যার ‘শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট’। সেখানেই পদত্যাগী সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত হয়েছে বলে খবর। তাঁর উত্তরসূরি হচ্ছেন কৃষ্ণ মোহন। চম্পতের পাশাপাশি ট্রাস্টি অনিল মিশ্রেরও ইস্তফা গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে।

রাম মন্দিরে চুরির ঘটনার বিশেষ তদন্তকারী দল (সিট) রিপোর্ট জমা দেয়। তাতে বলা হয়, রাম মন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এই ধনরাশির একটা বড় অংশের কোনও হদিশ মিলছে না৷ নগদ টাকা এবং গয়নার পাশাপাশি মন্দিরের হেফাজত থেকে গায়েব দানে পাওয়া রুপোর তৈরি ভূষূণ্ডির কাকও৷ তদন্তে উঠে এসেছে, গোটা এই অব্যবস্থার সঙ্গে জড়িত বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরাই। এরপরই কাঠগড়ায় ওঠেন চম্পত। বিষয়টি প্রকাশ্যে আসার পরই এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়ের করেন, ট্রাস্টের সদস্য কৃষ্ণ মোহন। এরপর ৮ অভিযুক্ত গ্রেপ্তার হতেই পদত্যাগ করেন চম্পত।

উল্লেখ্য, রামমন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক হয়েছেন কৃষ্ণ মোহন। তিনি মহারাষ্ট্র ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্তা। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের হারদোই জেলার চন্দ্রপুর গ্রামে। অবসরের পর থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত কৃষ্ণ। তিনি দীর্ঘদিন ধরে রাম মন্দির ট্রাস্টের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে জনসমক্ষে খুব বেশি পরিচিত মুখ নন তিনি। স্থায়ী সাধারণ সম্পাদক নিয়োগ না হওয়া পর্যন্ত আপাতত তিনিই ট্রাস্টের সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *