অকালে প্রয়াত প্রাক্তন ফুটবলার বাহার উদ্দিন

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : অকালে প্রয়াত হলেন সোনাবাড়িঘাটের প্রাক্তন ফুটবলার বাহার উদ্দিন লস্কর। সোমবার বেলা ২-৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৪৮ বছর। মাত্র একদিন আগে ধরা পড়ে ফুসফুসের সমস্যা। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাসভবন সংলগ্ন স্থানে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সোনাবাড়িঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বাহার উদ্দিন লস্কর ছিলেন এলাকার সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। একসময় তিনি একজন দক্ষ ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেন এবং ইন্টার-স্কুল ফুটবল টুর্নামেন্টে একাধিকবার অংশগ্রহণ করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। খেলাধুলার পাশাপাশি তাঁর অমায়িক আচরণ ও মানবিক গুণাবলীর জন্য তিনি সকলের ভালোবাসা অর্জন করেছিলেন। এলাকার মানুষের যে কোনও বিপদ-আপদে তিনি সবার আগে পাশে দাঁড়াতেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। সদা হাস্যোজ্জ্বল ও পরোপকারী এই মানুষটির অবদান আজও এলাকাবাসীর স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে, এক ছেলে, পাঁচ ভাই সহ আত্মীয়স্বজন। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন চার নম্বর। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জিপির এপি সদস্য আমির হোসেন লস্কর, জেলাপরিষদ প্রতিনিধি রাকা মজুমদার, গ্রুপ সদস্য স্বপন মজুমদার সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *