উধারবন্দে ব্যবসায়ীর মোবাইল হ্যাক, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও সমস্ত টাকা

Spread the news

বরাক তরঙ্গ, ৬ জুলাই : উধারবন্দে এক ব্যবসায়ী যুবকের মোবাইল ফোন হ্যাক করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডের বাসিন্দা বাহার উদ্দিন লস্কর সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ হারান। অভিযোগ, প্রতারকরা তাঁর মোবাইল ফোন হ্যাক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা তুলে নেওয়ার পাশাপাশি ফোনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিয়ে নেয়।

ঘটনার পর বাহার উদ্দিন লস্কর উধারবন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর মোবাইলে সংরক্ষিত বন্ধু-বান্ধব ও পরিচিতদের ইতোমধ্যেই সতর্ক করা হয়েছে, যাতে তাঁর নম্বর থেকে কোনো সন্দেহজনক ফোনকল বা বার্তা এলে কেউ সাড়া না দেন এবং প্রতারণার শিকার না হন।

এ ঘটনায় উধারবন্দ থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ সাইবার প্রতারক চক্রের সন্ধানে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অনলাইন জালিয়াতির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই সাইবার বিশেষজ্ঞরা অপরিচিত লিংকে ক্লিক না করা, অচেনা ব্যক্তির সঙ্গে ওটিপি, ব্যাংক সংক্রান্ত তথ্য বা ব্যক্তিগত গোপন তথ্য ভাগ না করার পরামর্শ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *