৬ জুলাই : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স-এ দেওয়া বার্তায় তিনি শ্যামাপ্রসাদকে আধুনিক ভারতের অন্যতম নির্মাতা, মহান শিক্ষাবিদ এবং অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি তাঁর জীবন ও আদর্শকে স্মরণ করে একটি দীর্ঘ প্রবন্ধও লেখেন প্রধানমন্ত্রী।
নিজের বার্তায় মোদি বলেন, শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী চিন্তাভাবনা আজও দেশকে নতুন প্রেরণা জোগায়। তাঁর মতে, শ্যামাপ্রসাদের ব্যক্তিত্বে পাণ্ডিত্য, জনসেবা এবং উচ্চ নৈতিক মূল্যবোধের এক অনন্য সমন্বয় ছিল, যা আধুনিক ভারতের খুব কম নেতার মধ্যেই দেখা যায়।
প্রবন্ধে প্রধানমন্ত্রী তুলে ধরেন, স্বচ্ছল পরিবারে জন্ম নিয়েও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশসেবার আদর্শে আত্মনিয়োগ করেছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সাম্প্রদায়িকতার বিরোধিতায় তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ব্যক্তিগত জীবনে সন্তানের মৃত্যু ও পরে স্ত্রীর অকাল প্রয়াণের মতো গভীর শোক সত্ত্বেও তিনি দেশসেবার পথ থেকে সরে আসেননি বলেও উল্লেখ করেন মোদি।

দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় ড. শ্যামাপ্রসাদের অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অংশ হিসেবে ধরে রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরে জম্মু ও কাশ্মীর প্রশ্নেও তিনি আন্দোলনে সামিল হন এবং নজরবন্দি অবস্থাতেও নিজের আদর্শে অটল ছিলেন। পাশাপাশি শিক্ষা ও শিল্পোন্নয়নে তাঁর অবদানও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



