বরাক তরঙ্গ, ৬ জুলাই : দক্ষিণ অসম প্রান্তের সেবা কাজের অন্যতম কাণ্ডারী এবং বহু প্রশংসিত সামাজিক সংস্থা, কেশব স্মারক সংস্কৃতি সুরভির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হল শিলচর মহিলা কলেজ সভাগৃহে। এতে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় প্রান্ত সংঘচালক জোৎস্নাময় চক্রবর্তী, প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় প্রমুখ। এছাড়া এই উপত্যকার বিভিন্ন স্থান থেকে আগত সংস্থার সম্মানিত সদস্য এবং সদস্যাগণ। তাদের বিশেষ উৎসাহ এবং উদ্দীপনায় এই সাধারণ সভায় অংশগ্রহণের এক আনন্দঘন এবং সেবা মনোভাবের পরিবেশ পরিলক্ষিত হয়েছে,যাহা উপস্থিত সদস্যদের মধ্যে আরো বেশি করে সমাজসেবায় নিয়োজিত হওয়ার অনুপ্রেরণা যোগায়।
রবিবার আয়োজিত সভায় প্রথমে সংস্থার সভাপতি শুভ্রাংশুশেখর ভট্টাচার্য সেবা কাজের প্রয়োজনীয়তা ও বিভিন্ন প্রতিকূলতার মধ্যদিয়ে সংগঠনের দীর্ঘ পথচলার কথা সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করে সভার সূচনা করেন। তারপর বিগত ২০২৫ সালের সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্তগুলি পাঠ করেন সংস্থার কার্যকর্তা সজলকুমার দেব। সংস্থার সাধারণ সম্পাদক শংকরকুমার দাস বার্ষিক সম্পাদকীয় প্রতিবেদন সর্বসমক্ষে তুলে ধরেন এবং প্রতিবেদনের উপর আলোচনার জন্য সকল সদস্যদের আহ্বান জানান। অনুরূপভাবে সংগঠনের কোষাধ্যক্ষ মনীশকুমার কামত বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থিত সকলের সম্মুখে তুলে ধরেন। উভয় প্রতিবেদনের উপর গঠনমূলক বিস্তারিত আলোচনার পর কিছু সংযোজন ও বিয়োজনের মধ্যদিয়ে সার্বিক সমর্থনের ভিত্তিতে সভায় গৃহীত হয়।
সংঘের দক্ষিণ অসম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায় সংস্থার ভূয়ষি প্রশংসা করে বলেন, বর্তমানে সংস্থার অনেক বেশি কার্য বিস্তার হয়েছে, শুধু ভালো কর্মের মাধ্যমেই সমাজের আমূল পরিবর্তন সম্ভব, প্রতিনিয়ত এরূপ কাজের মধ্যদিয়ে দেশকে বৈভবশালী রাষ্ট্রে পরিণত করাই আমাদের সংকল্প। তিনি আরও বলেন, মানব জীবনের অন্তিম লক্ষ্য মোক্ষ প্রাপ্তি যাহা সেবার কাজের মাধ্যমে সম্ভব।
উল্লেখ্য, ওই একই দিনে সংস্থার সকল সদস্য সদস্যা ও বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিদের উপস্থিতে সংগঠনের আগামী বার্ষিক যোজনা বৈঠকের মাধ্যমে সুনিশ্চিত করা হয়। অবশেষে এক উৎসাহপূর্ণ বাতাবরণে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


