বরাক তরঙ্গ, ৫ জুলাই : অসম বিধানসভায় সরকারি ভাষা হিসেবে নতুন করে হিন্দি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন বিধানসভায় অসমীয়া, বড়ো ও ইংরেজি ভাষা ব্যবহৃত হলেও এবার থেকে হিন্দিও সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হবে। ফলে তিনটির পরিবর্তে এখন থেকে চারটি ভাষা থাকবে বিধানসভার কার্যক্রমে।
রবিবার অসম বিধানসভার সেন্ট্রাল হলে এক সাংবাদিক বৈঠকে বিধানসভার অধ্যক্ষ রণজিৎ কুমার দাস জানান, শনিবার সাধারণ কার্যউদ্দেশ্য কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অধ্যক্ষ বলেন, “হিন্দি রাষ্ট্রভাষা। তাই ভাষাটিকে সম্মান জানিয়ে বিধানসভার সরকারি ভাষার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগে ‘এএলএ টিভি’ নামে পরিচিত চ্যানেলটির নাম পরিবর্তন করে ‘অসম বিধানসভা টিভি’ রাখা হয়েছে। এই প্ল্যাটফর্মে চারটি ভাষারই ব্যবহার হবে। একইসঙ্গে বিধানসভার লোগোতেও আগে যেখানে তিনটি ভাষা ছিল, এখন থেকে সেখানে চারটি ভাষা থাকবে।”
এদিকে, শনিবার অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকের প্রসঙ্গে অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও বিরোধী দলনেতা বক্তব্য রাখার সময় কোনো বিধায়ক যেন মাঝপথে বাধা না দেন, সে বিষয়ে সব রাজনৈতিক দলকে অনুরোধ করা হয়েছে।
তিনি বলেন, “বক্তৃতা চলাকালীন হস্তক্ষেপ করা যাবে না। কোনো প্রশ্ন বা আপত্তি থাকলে বক্তব্য শেষ হওয়ার পর তা উত্থাপন করতে হবে। এই বিষয়ে সর্বদলীয় বৈঠকে উপস্থিত সব দলই সম্মতি জানিয়েছে। বিধানসভার সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।”
আসন্ন বাজেট অধিবেশন প্রসঙ্গে অধ্যক্ষ জানান, সোমবার থেকে অসম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে। অধিবেশনে একাধিক বিল উত্থাপন করা হবে এবং আগামী ১০ জুলাই রাজ্য বাজেট পেশ করা হবে।


