তেলিয়ামুড়ায় রেল অবরোধ, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ

Spread the news

বরাক তরঙ্গ, ৫ জুলাই : ত্রিপুরার তেলিয়ামুড়া মহকুমার ওয়াকশিমলম এলাকায় সেতু নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের জেরে রবিবার দীর্ঘ সময় সম্পূর্ণভাবে ব্যাহত হয় ট্রেন চলাচল। এর ফলে একাধিক ট্রেন মাঝপথে আটকে পড়ে এবং শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হন।

রেল অবরোধের কারণে পাহাড়ি এলাকায় আটকে পড়ে দূরপাল্লার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পাশাপাশি, শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন তেলিয়ামুড়া রেলস্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। আকস্মিকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আটকে পড়া যাত্রীদের মধ্যে উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলা থেকে আগত কংগ্রেসের বহু নেতা-কর্মীও ছিলেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সর্বভারতীয় পঞ্চায়েত পরিষদ, ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায় অনুষ্ঠিত গণধর্ণায় যোগ দিতে তারা রওনা হয়েছিলেন। ওই কর্মসূচিতে জিবি হাসপাতাল ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের আয়োজন করা হয়।
কিন্তু রেল অবরোধের কারণে নির্ধারিত সময়ে আগরতলায় পৌঁছাতে না পারায় কংগ্রেস নেতা-কর্মীরা তেলিয়ামুড়া রেলস্টেশনেই বিক্ষোভে সামিল হন। তারা অভিযোগ করেন, রেল চলাচল ব্যাহত হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও ব্যাপক প্রভাব পড়েছে।

বিক্ষোভকারীদের দাবি, পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের অভাবেই যাত্রীদের এমন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। তারা অবিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে স্থায়ী সমাধানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *