বহিঃরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ কাটিগড়ার যুবক, উৎকণ্ঠায় পরিবার

Spread the news

এস পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৪ জুলাই :
বহিঃরাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ হলেন কাটিগড়ার এক যুবক। নিখোঁজ যুবকের নাম সুভাষ দাস (২৮)। তিনি কাটিগড়ার চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা।

জানা গেছে, প্রায় এক মাস আগে কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা সাজু উদ্দিন চৌধুরী সুভাষ দাসকে রাজস্থানের একটি বেসরকারি সংস্থায় কাজের জন্য নিয়ে যান। পরে ২৩ জুন তিনি সুভাষকে জয়পুরে নিয়ে আসেন।

সেদিন জয়পুর রেলস্টেশন থেকেই সুভাষ শেষবারের মতো মোবাইল ফোনে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। এরপর ওই দিন দুপুর থেকেই তাঁর মোবাইল ফোন রহস্যজনকভাবে বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাঁর কোনো খোঁজ পাননি।

পরে সুভাষের বাবা-মা সাজু উদ্দিন চৌধুরীর কাছে তাঁদের ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। শেষ পর্যন্ত অসহায় হয়ে সুভাষের বাবা গৌরাঙ্গ দাস কাটিগড়া থানায় ছেলের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন।

এদিকে, ছেলের নিখোঁজ হওয়ায় পরিবার গভীর উদ্বেগ ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। অন্যদিকে, কাটিগড়া থানার পুলিশ সুভাষ দাসের সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *