বরাক তরঙ্গ, ৪ জুলাই : তামুলপুরের দরঙা মেলা পুলিশ আবাসিক চত্বরে এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিজের সার্ভিস পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এক পুলিশ হাবিলদার। নিহত পুলিশকর্মীর নাম ঘনকান্ত মালাকার (৫১)। তিনি পাঠশালা এলাকার বরগাঁও গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পুলিশ আবাসিক চত্বরে নিজের সার্ভিস পিস্তল দিয়ে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন। গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।
ঘটনার খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার নেপথ্যের কারণ জানতে পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
এই ঘটনায় পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।



