এস পাল, বদরপুর।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত শ্রীগৌরী এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শনিবার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘদিনের পারিবারিক জমি নিয়ে দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে চলে আসায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
জমির ক্রেতা পক্ষের দাবি, সমস্ত সরকারি নিয়ম ও প্রয়োজনীয় নথিপত্র অনুসরণ করেই তারা জমিটি বৈধভাবে ক্রয় করেছেন। তাঁদের অভিযোগ, জমি কেনার পর রুমা রায়ের পরিবার প্রায় দুই ফুট জমি নিয়ে আপত্তি তোলে। বিষয়টির স্থায়ী সমাধানের জন্য সরকারি উদ্যোগে জমি মাপজোকের প্রস্তাব দেওয়া হলেও একাধিকবার তারিখ নির্ধারণের পরও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
অন্যদিকে, অভিযোগকারী রুমা রায়ের বক্তব্য, তাঁদের অজান্তেই পরিবারের কয়েকজন সদস্য বিতর্কিত জমিটি মুসলিম সম্প্রদায়ভুক্ত কয়েকজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তিনি দাবি করেন, বিষয়টি জানার পর প্রতিবাদ করতে গেলে ক্রেতা পক্ষ জোরপূর্বক জমিতে প্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করে। এমনকি ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি।
এরপর রুমা রায় বদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করে।
সূত্রে জানা গেছে, উভয় পক্ষের অভিযোগ, জমির দলিল, নথিপত্রসহ সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখছে পুলিশ। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। তবে অভিযোগগুলির সত্যতা এখনও পুলিশের তদন্তাধীন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও পক্ষের দাবিই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত নয়।



