দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ জুলাই : অসম-মিজোরাম সীমান্তে লায়লাপুর পুলিশ পেট্রোল আউট পোস্টের অভিযানে বিপুল পরিমাণ ভারত ইউরিয়া সার জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেল প্রায় ৩টা ১০ মিনিটে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৪০০ বস্তা সারসহ একটি ট্রাক আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রজত কুমার পাল এবং ডিএসপি, কাছাড়-এর নেতৃত্বে AS-11-EC-4744 নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় খাদ্যপণ্যের আড়ালে লুকিয়ে রাখা ৪০০ বস্তা ভারত ইউরিয়া সার উদ্ধার করা হয়। প্রতিটি বস্তার ওজন ৪৫.১৩০ কেজি।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এ ঘটনায় ট্রাকের চালক সাহিরুল ইসলাম লস্কর (২৬), পিতা—মৃত আব্দুল রহিম লস্কর, গ্রাম—খুলিচোরা, জামালপুর, ধলাই, কাছাড়কে আটক করা হয়েছে।
পুলিশ ট্রাকটি, উদ্ধার হওয়া ৪০০ বস্তা ভারত ইউরিয়া সার এবং এ-সংক্রান্ত জাল নথিপত্র জব্দ করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক চালককে ধলাই থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।



