বরাক তরঙ্গ, ৩ জুলাই : কলিয়াবরের কামাখ্যা গ্রামে বন্য হাতির হামলায় এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের পাশাপাশি শোকের পরিবেশের সৃষ্টি হয়েছে। মৃত শ্রমিকের নাম বিষ্ণু গড়। তিনি সামাগুরির রঙামাটি চিলিমখোয়া এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গেছে, তিনি কামাখ্যা গ্রামের একটি ব্যক্তিগত চা বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে কামাখ্যা গ্রামের সংযোগকারী রাস্তায় যাওয়ার সময় আচমকাই একটি বন্য হাতির মুখোমুখি হন বিষ্ণু গড়। হাতিটি তাঁকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার খবর পেয়ে শিলঘাট থানার পুলিশ এবং বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। একই সঙ্গে বন দফতর ঘটনার তদন্তও শুরু করেছে।
এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এলাকায় বন্য হাতির চলাচল বেড়ে যাওয়ায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বন দফতরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।




