বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : রাজেশ্বরপুর সমবায় সমিতিতে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক তছরুপ ও অনিয়মের অভিযোগের জেরে কাছাড়ের ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজ (DRCS) নাসির উদ্দিন আহমদকে সাসপেন্ড করা হয়েছে।
জানা গেছে, নাসির উদ্দিন আহমেদ কাছাড়ের পাশাপাশি হাইলাকান্দি জেলারও দায়িত্বে ছিলেন। রাজেশ্বরপুর সমবায় সমিতির বিভিন্ন কার্যকলাপকে কেন্দ্র করে তাঁর ভূমিকা নিয়ে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে হাইলাকান্দির অতিরিক্ত জেলা কমিশনারের নেতৃত্বে তদন্ত করা হয় এবং তদন্ত শেষে একটি প্রতিবেদন দাখিল করা হয়।
ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অসম সরকারের সমবায় বিভাগের সচিব গত ২৬ আগস্ট এক সরকারি নির্দেশে নাসির উদ্দিন আহমেদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাঁকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, পুরো আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজেশ্বরপুর সমবায় সমিতিকে ঘিরে প্রায় ৫০ লক্ষ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



