ভরাখাই হাইস্কুলে ছাত্র নিরাপত্তা সচেতনতা কর্মসূচি, এনডিআরএফ-এর মক ড্রিলে উৎসাহ শিক্ষার্থীদের

Spread the news

বরাক তরঙ্গ, ২ জুলাই: কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পিএম শ্রী ভোরাখাই উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর উদ্যোগে ‘স্টুডেন্টস সেফটি প্রোগ্রাম’ শীর্ষক এক বৃহৎ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিভিন্ন দুর্যোগে কীভাবে নিরাপদ থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে কী করণীয়, সে বিষয়ে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে এনডিআরএফ-এর একটি দল কমান্ড্যান্ট রোশন কুমার সিং-এর নেতৃত্বে অগ্নিকাণ্ড, বন্যা, ভূমিধস, বজ্রপাত, ঘূর্ণিঝড়, ঝড় এবং সড়ক দুর্ঘটনার মতো বিভিন্ন দুর্যোগ মোকাবিলার ওপর বাস্তবধর্মী মক ড্রিল প্রদর্শন করে। প্রায় ৮০০ জন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী, অভিভাবক, এনসিসি ক্যাডেট, স্থানীয় বাসিন্দা ও অন্যান্য উপস্থিত মানুষ এই প্রদর্শনী প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে মক ড্রিলে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সিং। তিনি ছাত্রছাত্রী ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ-এর সভাপতি সঞ্জীব রায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রেখে কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে ইয়ুথস অ্যাগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) সক্রিয়ভাবে সহযোগিতা করে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মান্না দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন প্রমোদ কুমার কুর্মি (প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত), রাজেন্দ্র প্রসাদ যাদব, জাকারিয়া আহমেদ বড়ভূঞা, অজিত যাদব, অমৃতা রানি রবিদাস, গোপা দেব, রিয়া মিত্র, মাধবিকা দেব, সুতনুকা নন্দী, সিমি সিনহা, উপাসনা রায়, নবজিৎ নাথ, ফুলকান রাভা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের এসএমডিসি সভাপতি প্রদীপ কুমার কুর্মি ধন্যবাদজ্ঞাপন করেন। তিনি ছাত্রসমাজ ও সাধারণ মানুষের স্বার্থে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণের জন্য লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং এনডিআরএফ কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *