বরাক তরঙ্গ, ২ জুলাই : সরকার গঠন করার পরই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার দ্বিতীয় রাজধানী ডিব্রুগড় শহরে প্রশাসন আবারও একটি বড় উচ্ছেদ অভিযান চালায়।
অবৈধভাবে বসবাসকারী সন্দেহভাজন পরিবারগুলির বিরুদ্ধে ‘কোনও দয়া নয়, কোনও ক্ষমা নয়’ নীতি অনুসরণ করে প্রশাসন ডিব্রুগড় শহরের মাঝখানে ব্রহ্মপুত্র নদের তীর, মারোয়ারিপট্টি এবং পূজাঘাট সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে কিছু মানুষ ত্রিপল দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে ওই জমি দখল করে বসবাস করছিলেন। প্রশাসন তাঁদের বহুবার নদীর তীরের জমি খালি করার নোটিশ দিলেও তাঁরা তাতে গুরুত্ব দেননি। ফলে বৃহস্পতিবার প্রশাসন বুলডোজার নিয়ে অভিযান চালিয়ে নদীতীরের জমি দখলমুক্ত করে।
প্রশাসনের দাবি, অবৈধভাবে বসবাসকারী এই ব্যক্তিরা কোথা থেকে ডিব্রুগড়ে এসে ব্রহ্মপুত্রের তীরে বসতি গড়ে তুলেছিলেন, সে বিষয়ে তাদের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই।
ব্রহ্মপুত্রের তীরে উচ্ছেদ অভিযান প্রসঙ্গে এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, “আজ ডিব্রুগড় প্রশাসন প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে উচ্ছেদ অভিযান চালিয়েছে। ব্রহ্মপুত্রের তীরের সংরক্ষিত এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। কিছুদিন ধরে অবৈধ দখলের ঘটনা লক্ষ্য করা যাচ্ছিল, তাই আজ উচ্ছেদ করা হয়েছে। ব্রহ্মপুত্রের তীরকে প্রাকৃতিক সৌন্দর্যে সংরক্ষণ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই অভিযান ভবিষ্যতেও চলবে। উচ্ছেদ সম্পূর্ণ হওয়ার পর যাতে কেউ আবার এই জমি দখল করার চেষ্টা না করে, সেদিকেও নজর রাখা হবে।”



