বরাক তরঙ্গ, ২ জুলাই : শহরের বহুল আলোচিত স্পা-কাণ্ডের তদন্তে এবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ভাস্কর গুপ্ত এবং তাঁর স্ত্রী শর্মিষ্ঠা গুপ্তকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ। বুধবার বিকেলে তাঁদের সিনিয়র পুলিশ সুপারের কার্যালয়ে তলব করে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুন শিলচর শহরের ক্লাব রোড এলাকার একটি বাণিজ্যিক বহুতল ভবনে অবস্থিত ‘লাভলী’ ও ‘লোটাস’ নামে দুটি স্পা-তে দেহব্যবসা চলার অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ ২৮ জন যুবতীকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ‘লোটাস’ স্পা যে কক্ষে পরিচালিত হচ্ছিল, সেই কক্ষটির মালিক ডাঃ ভাস্কর গুপ্তের পরিবার। রোহিত দেবনাথ নামে এক ব্যক্তি কক্ষটি ভাড়া নিয়ে সেখানে স্পা পরিচালনা করতেন।
বুধবারের জিজ্ঞাসাবাদ শেষে ডাঃ ভাস্কর গুপ্ত ও তাঁর স্ত্রীকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের বিষয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানাতে রাজি হয়নি।
পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, স্পা-কাণ্ডের তদন্তের অংশ হিসেবেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এদিকে, জিজ্ঞাসাবাদ-পরবর্তী প্রতিক্রিয়া জানতে ডাঃ ভাস্কর গুপ্তের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।



