চার মাস ধরে ভাতা নেই, আশাকর্মীদের বিক্ষোভ

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুলাই :
চার মাস ধরে প্রাপ্য ইনসেনটিভ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছেন কাছাড় জেলার আশাকর্মীরা। বৃহস্পতিবার সদৌ অসম আশা সংস্থা, কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়, সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র (পিএইচসি)-এর অধীন কর্মরত আশাকর্মীদের মার্চ থেকে জুন ২০২৬ পর্যন্ত ইনসেনটিভ এখনও প্রদান করা হয়নি।

আশাকর্মীদের অভিযোগ, টানা চার মাস বেতন ও ইনসেনটিভ বকেয়া থাকায় তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা চরম সঙ্কটের মুখে পড়েছে। জেলা কমিটির সভানেত্রী রেনু বেগম লস্কর বলেন, “আমরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত দায়িত্ব পালন করে চলেছি। অথচ সময়মতো ইনসেনটিভ পাচ্ছি না। অনেকেই মাত্র ৭৫ টাকা দৈনিক ভাতায় কাজ করতে বাধ্য হচ্ছেন। এমন কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।”

তিনি আরও জানান, জুলাই মাসের প্রথম ১০ দিনের মধ্যে বকেয়া ইনসেনটিভ পরিশোধ করা না হলে সোনাই পিএইচসি থেকে আন্দোলনের সূচনা করা হবে। পরবর্তীতে সেই আন্দোলন কাছাড় জেলার প্রতিটি পিএইচসি-তে ছড়িয়ে দেওয়া হবে এবং কর্মবিরতিসহ বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবেন আশাকর্মীরা। এ ধরনের পরিস্থিতির সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *