বরাক তরঙ্গ, ১ জুলাই : দেহব্যবসা, অর্থের বিনিময়ে যৌনকর্ম এবং স্পা-র আড়ালে চলা অভিযোগিত অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকপত্র প্রদান করেছে শিলচরের সচেতন যুব সমাজ। স্মারকপত্রে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, গত কয়েক মাসে শিলচর শহর ও পার্শ্ববর্তী এলাকায় দেহব্যবসাসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তাদের অভিযোগ, শিলচরের দ্বিতীয় লিঙ্ক রোড এলাকার একটি বাড়িতে দীর্ঘদিন ধরে দেহব্যবসা পরিচালিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা একাধিকবার এর প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশও অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সংগঠনের দাবি, গ্রেফতারের কিছুদিন পরই অভিযুক্তরা জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কার্যকলাপ শুরু করছে, যার ফলে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মারকপত্রে সম্প্রতি শিলচরের ক্লাব রোডে অবস্থিত ইম্পেরিয়াল মলের দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযানের প্রসঙ্গও উল্লেখ করা হয়। ওই অভিযানে ২৬ জন নারীকে আটক করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
সচেতন যুব সমাজের অভিযোগ, শিলচরে এই ধরনের অভিযোগিত যৌনচক্র ও দেহব্যবসা দিন দিন বিস্তার লাভ করছে, যা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এই ধরনের অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা জেলা কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



