১ জুলাই : পশ্চিম এশিয়া সঙ্কট ও ইরান যুদ্ধের জেরে হওয়া টানা মূল্যবৃদ্ধির পর অবশেষে স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটা কমিয়েছে। ১ জুলাই থেকে কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমে হয়েছে ৩,০৮১.৫০ টাকা (New rate)। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৩ টাকা কমেছে। ফলে ৩,১১৩ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২,৯৩০ টাকায়। স্বাভাবিকভাবেই হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন ব্যবসায়িক মহলে এই সিদ্ধান্তে বড়সড়ো স্বস্তি মিলেছে। যদিও অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজির ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম
শুধু দাম কমানোই নয়, পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাণিজ্যিক গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহের ওপর থাকা সমস্ত ক্ষেত্র-ভিত্তিক বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে যুদ্ধ শুরুর আগের মতোই স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে। মূলত অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং আমদানিকৃত এলপিজি কার্গো দেশে পৌঁছানোর নিশ্চয়তা মেলার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, সংকটের শুরুতে বন্ধ হয়ে যাওয়া বাল্ক এলপিজি সরবরাহও প্রাক-যুদ্ধকালীন চাহিদার ৫০ শতাংশ হারে আংশিকভাবে পুনরায় চালু করা হয়েছে।



