বরাক তরঙ্গ, ৩০ জুন : গুয়াহাটির খারঘুলি এলাকায় বড়সড় অভিযানে প্রায় ৩৮ কেজি সোনার বিস্কুট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে জানানো হয়েছে। এই ঘটনায় পুনের বাসিন্দা অক্ষয় বানকর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাই থেকে একটি কুরিয়ার পরিষেবার মাধ্যমে সোনার বিস্কুটগুলি গুয়াহাটিতে আনা হয়েছিল। জানা গেছে, অক্ষয় বানকর গুয়াহাটিতে এক ব্যক্তির কাছে এই সোনা পৌঁছে দিতে এসেছিলেন। খারঘুলির প্রধান সড়কে পুলিশের অভিযানের সময় বিপুল পরিমাণ সোনাসহ তাকে আটক করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, অক্ষয় গান্ধীবস্তি এলাকায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন এবং ডেলিভারি বয়ের পরিচয়ে সোনা সরবরাহের কাজ করছিলেন। অভিযুক্তের কাছ থেকে পুলিশ চারটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, কুরিয়ার মারফত আসা সোনার বিস্কুটগুলি অন্য একটি চক্রের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে তিনি খারঘুলির দিকে যাচ্ছিলেন। গোটা চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।




