বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার নগাঁও ও মরিগাঁও জেলায় নির্বাচনী প্রচারে অংশ নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিভিন্ন নির্বাচনী সভায় বক্তব্য রাখার পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে মন্তব্য করেন তিনি।
নগাঁওয়ে প্রচার শেষে মুখ্যমন্ত্রী দাবি করেন, এবারের উপনির্বাচনে বিজেপি প্রার্থী আড়াই থেকে তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। তাঁর অভিযোগ, নগাঁও লোকসভা আসনের অন্তর্গত আটটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ধিং, রূপহীহাট, লাহরিঘাট ও সামাগুড়িতে প্রত্যাশিত উন্নয়ন হয়নি।
এআইইউডিএফ সভাপতি বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রীর কথামতো ওঠাবসা করেন—কংগ্রেস নেতা গৌরব গগৈয়ের এই মন্তব্যের জবাবে শর্মা বলেন, কংগ্রেসেরও বহু নেতা তাঁর আহ্বানে বিজেপিতে যোগ দিতে পারেন। এমনকি কংগ্রেস প্রার্থী শিবামণি বরাও বিজেপিতে আসতে পারেন বলে দাবি করেন তিনি। তাঁর মন্তব্য, একদিন কংগ্রেসে গৌরব গগৈ একাই থাকবেন।
মরিগাঁওয়ে প্রচারে গিয়ে চাকরির প্রসঙ্গেও বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামী পাঁচ বছরে দুই লাখের বেশি চাকরি দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি চলছে। বিভিন্ন বিভাগে পদোন্নতির প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি। বিজেপি সরকারের সময় কোনো অর্থ ছাড়াই চাকরি পাওয়া গেলে কংগ্রেস আমলে কেন এমন ব্যবস্থা ছিল না, তা নিয়ে মানুষ প্রশ্ন তুলছেন বলেও দাবি করেন শর্মা।
কংগ্রেস নেতাদের বিভিন্ন এলাকায় কালো পতাকা দেখানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এর পেছনে মানুষের ক্ষোভ রয়েছে। তাঁর দাবি, বিজেপি সরকারের আমলে যতটা উন্নয়ন হয়েছে, কংগ্রেসের আমলে তা কেন হয়নি এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ কেন উঠেছিল—তা নিয়েই মানুষ প্রশ্ন তুলছেন।
অন্যদিকে, বদরুদ্দিন আজমলের নির্বাচনী সভায় জনসমাগম নিয়ে শর্মা বলেন, আজমল ধর্মীয় ব্যক্তিত্ব হওয়ায় তাঁর বক্তব্য শুনতে মানুষ সভায় যায়। তবে সেই জনসমাগমের সবাই তাঁকে ভোট দেবেন—এমনটা নয় বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।



