বরাক তরঙ্গ, ২৯ জুন : সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির দ্বারা এক মহিলাকে নৃশংসভাবে মারধরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর মামলা দায়ের করেছে পশ্চিম খাসি হিলস জেলা পুলিশ। ঘটনাটি নংস্টইন বাইপাস সড়কে সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি মহিলার গলা টিপে হত্যার চেষ্টা করছে। পাশাপাশি তাকে বারবার চড় মারার পাশাপাশি রাস্তায় ফেলে মাথার ওপর পা দিয়েও আঘাত করতে দেখা যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঠিক কবে এবং কখন ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এক পুলিশ আধিকারিক বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এক মহিলাকে এক ব্যক্তি নৃশংসভাবে মারধর করার ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, কী পরিস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চালানো হচ্ছে। ওই আধিকারিক আরও জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং মহিলার ওপর নৃশংস হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে তদন্ত অব্যাহত রয়েছে।”



