মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৯ জুন : শ্রীভূমি জেলা গ্রন্থাগার ও অডিটোরিয়ামে বিজেপি শ্রীভূমি জেলা কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী তথা শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়কে উষ্ণ সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার-সহ বিজেপির জেলা ও রাজ্যস্তরের নেতৃত্ব, বিভিন্ন পঞ্চায়েত ও স্থানীয় সংস্থার জনপ্রতিনিধি এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক। অতিথিদের উপস্থিতিতে জেলা গ্রন্থাগার ও অডিটোরিয়াম প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।

সভায় বক্তারা বলেন, কৌশিক রায়ের নেতৃত্বে শ্রীভূমি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলার উন্নয়নে নতুন গতি এসেছে। আগামী দিনেও তাঁর নেতৃত্বে শ্রীভূমি আরও উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তাঁর বক্তব্যে বলেন, রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সর্বস্তরের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। শ্রীভূমি জেলার উন্নয়নেও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


সংবর্ধনার জবাবে কৌশিক রায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সম্মান ব্যক্তিগত নয়, বরং শ্রীভূমির সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। জেলার সার্বিক উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার প্রসার এবং জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও গতিশীল করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি উন্নয়নের স্বার্থে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারাও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন এবং শ্রীভূমি জেলার সামগ্রিক অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও কর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ও অনুষ্ঠিত হয়।



