ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিঙের উপর আলোচনা জনতা কলেজে

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুন : জনতা কলেজ কাবুগঞ্জের রেড রিবন ক্লাবের তত্ত্বাবধানে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ এবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং এর উপর সচেতনতা গড়ে তোলার জন্য শনিবার কলেজ চত্বরে এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়। সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সক্ষম নর্থ ইস্ট এর কনভেনার তথা মনস্তত্ত্ববিদ ড. মিঠুন রায়। 

এদিন নিজের বক্তৃতায় মিঠুনবাবু প্রথমে দশ মিনিটের একটি আলোকচিত্র ছাত্রদের দেখান এবং এরপর খুবই প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করেন কিভাবে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে নেশাগ্রস্ত হয়ে আলো থেকে অন্ধকারের দিকে ছুটে চলে। তিনি বলেন একটি জীবন শুধু নিজের জন্য বাঁচার মধ্যেই শেষ নয়। জীবনের সাথে জড়িয়ে থাকে সেই পরিবারের আরো অনেকের আশা-আকাঙ্ক্ষা, থাকে সমাজের প্রতি দায়বদ্ধতা। বর্তমান পরিস্থিতিতে নেশা দ্রব্য কি করে নবপ্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে চলেছে তার ছোট বড় অনেক উদাহরণ দিয়ে তিনি ছাত্রদের সচেতন হতে আহবান করেন। নেশার আসক্তি কি করে ভালো ভালো পরিবারের ছেলেমেয়েদেরও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতে বাধ্য করে তার অনেক উদাহরণ তুলে ধরেন।

তিনি বলেন, যাঁরা ধূর্ত তাঁরা নিজে কখনও আসক্ত হয় না, অন্যকে আসক্ত হতে প্রেরণা দেয় আর যারা বোকা তারাই সেই ফাঁদে পা দেয়। ছাত্ররা যাতে দুটোর কোনটাই না হয়। অনুষ্ঠানে প্রায় দেড়শ জনের মতো ছাত্র ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকারা উপস্থিত থেকে সক্রিয়ভাবে আলোচনায় যোগদান করেন। চর্চায় অন্যতম মূল বিন্দু হিসেবে উঠে আসে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাতে করে সরকারের তরফ থেকে সব ধরণের নেশা দ্রব্যের উৎপাদন ও বিক্রয় অবৈধ হিসেবে ঘোষণা করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন রেড রিবন ক্লাবের কনভেনার ডঃ মুন্নি দেব মজুমদার। অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেন কলেজের এমটিএস মিঠু নাথ।

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মিসেস সোমা ভট্টাচার্য, ড. সুদীপ্তা খেরসা, ড. সিরতাজ বেগম লস্কর, ড. পিনাকী দাস, ড. মোঃ শাহনাহাজ সানু, ড. কিংশুক চক্রবর্তী, কুসুমানন্দ নাথ, মিস সঙ্গীতা দাস, ড. রুমি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *