প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্তের ৫৩.২৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ জুন : আয়ের তুলনায় অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে প্রাক্তন ডিআইজি প্রশান্ত কুমার দত্তের প্রায় ৫৩.২৮ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইডি সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে গুয়াহাটির পল্টন বাজারে অবস্থিত হোটেল ভার্গব, জি এস রোডের হোটেল ভার্গব ইন, লখরার হোটেল ভার্গব, বেতকুচির হোটেল ভার্গব গ্র্যান্ড এবং মুম্বাইয়ের আন্ধেরি এলাকার দুটি ফ্ল্যাটসহ আরও বেশ কয়েকটি সম্পত্তি।

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের আমলে অনুষ্ঠিত ৫৯৭টি সাব-ইন্সপেক্টর পদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ছিলেন প্রাক্তন ডিআইজি প্রশান্তকুমার দত্ত। তদন্ত শুরু হওয়ার পর তিনি আত্মগোপন করেন। পরে ২০২০ সালে ভারত-নেপাল সীমান্তের কাকরভিটা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এই বহুল আলোচিত মামলায় বিজেপির এক নেতাকেও গ্রেফতার করেছিল পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *